রুম্পার মৃত্যুর প্রতিবাদে নবদ্বীপে আশা কর্মীদের বিক্ষোভ, ই-কেওয়াইসি নিয়ে পুরসভায় ক্ষোভ
নবদ্বীপ, ৪ আগস্ট (হি. স.): আশা কর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং ই-কেওয়াইসি সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে নবদ্বীপ পুরসভার দ্বারস্থ হলেন শহরের আশা কর্মীরা। মঙ্গলবার পুরসভার প্রশাসক প্রশেনজিৎ কুণ্ডুর সঙ্গে দেখা করে তাঁরা ন
আশা কর্মী বিক্ষোভ


নবদ্বীপ, ৪ আগস্ট (হি. স.): আশা কর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং ই-কেওয়াইসি সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে নবদ্বীপ পুরসভার দ্বারস্থ হলেন শহরের আশা কর্মীরা। মঙ্গলবার পুরসভার প্রশাসক প্রশেনজিৎ কুণ্ডুর সঙ্গে দেখা করে তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা জানান।

এদিন পুরসভার গেটে প্রথমে প্রয়াত সহকর্মী রুম্পা মণ্ডলের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন আশা কর্মীরা। পরে প্রশাসকের সঙ্গে বৈঠকে ই-কেওয়াইসি করার ক্ষেত্রে তাঁদের সমস্যাগুলি তুলে ধরেন তাঁরা।

আশা কর্মী কল্যাণী রায়ের অভিযোগ, সহকর্মী রুম্পার মৃত্যুর কারণ নিয়ে তাঁদের মধ্যেও প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পের ই-কেওয়াইসি নিয়ে বিধায়ক চন্দনা বাউড়ীর মন্তব্যের জেরে আশা কর্মীদের মধ্যে মানসিক চাপ তৈরি হয়েছিল। আশা কর্মীদের ‘চুরি করে চাকরি পাওয়া’ নিয়ে মন্তব্যেরও প্রতিবাদ জানান তিনি।

অন্যদিকে, ই-কেওয়াইসি করার পদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আশা কর্মীরা। তাঁদের অভিযোগ, শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে এই কাজ করতে গিয়ে বারবার প্রযুক্তিগত সমস্যায় পড়তে হচ্ছে। নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই কাজের চাপ সামলানোও কঠিন হয়ে উঠেছে।

আশা কর্মী সবুতা নাথ জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ডেটা এন্ট্রি অপারেটর থাকলে ই-কেওয়াইসির কাজ অনেক সহজ হবে। তাই প্রয়োজনীয় পরিকাঠামো, প্রযুক্তিগত সহায়তা এবং প্রতিটি ওয়ার্ডে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande