চন্দনা বাউরির মন্তব্যের প্রতিবাদে পথে আশা কর্মীরা, বিডিওকে স্মারকলিপি
বাঁকুড়া, ৪ আগস্ট (হি. স.): শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা। বিধায়কের বিরুদ্ধে আশা কর্মীদের ''চোর'' আখ্যা দেওয়া ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ তুলে মঙ্গলবার বড়জোড়া ব্লক জুড়ে প্রতিবাদে সামিল হন তাঁর
অসম্মান জনক মন্তব্যে চন্দনা বাউরি বিরুদ্ধে সরব আশা কর্মীরা


বাঁকুড়া, ৪ আগস্ট (হি. স.): শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা। বিধায়কের বিরুদ্ধে আশা কর্মীদের 'চোর' আখ্যা দেওয়া ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ তুলে মঙ্গলবার বড়জোড়া ব্লক জুড়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। এদিন বিডিওর কাছে ডেপুটেশন দিয়ে স্মারকলিপিও জমা দেন।

আশা কর্মীদের দাবি, গত শনিবারের ওই মন্তব্যের জেরে এবং আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে বড়জোড়ার আশা কর্মী রুম্পা মণ্ডল (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মারা যান। তাঁর ১২ বছরের কন্যার দায়িত্ব সরকারকে নেওয়া এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রতিবাদের অংশ হিসেবে বড়জোড়া ব্লকের আশা কর্মীরা মৌন মিছিল করে শিল্পাঞ্চল পরিক্রমা করেন। পরে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে চন্দনা বাউরির মন্তব্য প্রকাশ্যে প্রত্যাহারের দাবি জানান।

আশা কর্মী সংগঠনের নেত্রী ঝুমা গরাই বলেন, একজন মহিলা বিধায়কের এ ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক। পাশাপাশি, মা ও শিশু স্বাস্থ্য পরিষেবা ছাড়া সরকারের অন্যান্য কর্মসূচির অতিরিক্ত কাজ থেকে আশা কর্মীদের অব্যাহতি দেওয়ার দাবিও জানান তিনি।

ডেপুটেশন চলাকালীন বিডিও কার্তিক চন্দ্র রায় বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাঘরে বিধায়ক বিল্লেশ্বর সিংহকে নিয়ে আশা কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিল্লেশ্বর সিংহ জানান, এদিনই স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের নিয়ে বৈঠক রয়েছে এবং তাঁদের উত্থাপিত দাবির প্রতি তিনি সহমত। বিডিও জানান, আশা কর্মীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চন্দনা বাউরি ও আশা কর্মী সংগঠনের প্রতিনিধিদের রাজ্য স্বাস্থ্য দফতরে তলব করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande