
মির্জাপুর, ৪ আগস্ট (হি.স.): মির্জাপুরে বাড়ির কুয়ো থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর থানার সেমরা গ্রামের একটি বাড়ির কুয়োয় ভাসমান অবস্থায় উদ্ধার হয় ৫০ বছর বয়সি রাম নিরঞ্জন মিশ্র ওরফে পাপ্পু মিশ্রের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রাম নিরঞ্জন মিশ্র পেশায় গাড়ির চালক ছিলেন। মহারাষ্ট্র থেকে মাহিন্দ্রা সংস্থার নতুন গাড়ি বিভিন্ন শহরের গাড়ির এজেন্সিতে পৌঁছে দিতেন তিনি। কয়েক দিন আগেই কাজ শেষে নিজের গ্রামে ফিরেছিলেন। স্থানীয়দের দাবি, সোমবার রাতে বাড়ির সামনে থাকা কুয়োর পাশে একটি পাথরের ওপর কম্বল পেতে ঘুমিয়েছিলেন রাম নিরঞ্জন। মঙ্গলবার সকালে কুয়োর জলে তাঁর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার জানান, প্রাথমিক তদন্তে অনুমান, রাতে ঘুমের মধ্যে পাশ ফিরতে গিয়ে তিনি কুয়োয় পড়ে যান। তাতেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস