
কলকাতা, ৪ আগস্ট (হি. স.):খ্যাতনামা বেতার সম্প্রচারক, নাট্যকার ও 'মহিষাসুরমর্দিনী'-র প্রাণপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তিনি লিখেছেন— খ্যাতনামা বেতার সম্প্রচারক, নাট্যকার ও মহিষাসুরমর্দিনী-র প্রাণপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।উল্লেখ্য, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। তিনি কলকাতার বাসিন্দা ছিলেন। পঙ্কজ কুমার মল্লিক ও কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্রকৃষ্ণ ১৯৩০-এর দশক থেকে সুদীর্ঘকাল আকাশবাণী কলকাতায় বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। এই সময় তিনি একাধিক নাটক রচনা ও প্রযোজনাও করেন।বীরেন্দ্রকৃষ্ণের সর্বাধিক পরিচিতি তাঁর 'মহিষাসুরমর্দিনী' নামক জনপ্রিয় বেতার সঙ্গীতালেখ্যটির জন্য। ১৯৩১ সাল থেকে অদ্যাবধি প্রতি বছর মহালয়ার দিন ভোর চারটের সময় কলকাতার আকাশবাণী থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে আসছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত