২১ জুলাইয়ের হামলার অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, ‘গান্ধীগিরি’র পথে নতুন আইন অমান্য আন্দোলন
কলকাতা, ৪ আগস্ট (হি. স.): ২১ জুলাই শহীদ মিনারমুখী কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের উপর হামলা, পুলিশি ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, আগামী দিনে দলের আই
প্রদেশ কংগ্রেস


কলকাতা, ৪ আগস্ট (হি. স.): ২১ জুলাই শহীদ মিনারমুখী কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের উপর হামলা, পুলিশি ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, আগামী দিনে দলের আইন অমান্য আন্দোলনে অহিংস ‘গান্ধীগিরি’কে হাতিয়ার করা হবে।

শুভঙ্কর সরকারের দাবি, ২১ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মতো একাধিক জেলায় কংগ্রেস কর্মীদের বাস ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটে। তাঁর দাবি, ওই ঘটনায় ৬৬ জন নেতা-কর্মী আহত হন। তবে এক কর্মীর মৃত্যুর ঘটনায় সরাসরি হামলাকে কারণ হিসেবে দাবি করছে না কংগ্রেস। তাঁর মৃত্যু শংসাপত্রে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ রয়েছে বলে জানান তিনি।

ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার অভিযোগেও উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নতুন আইন অমান্য আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে শুভঙ্কর সরকার জানান, কর্মীরা ব্যারিকেড ভাঙবেন না বা সংঘর্ষে জড়াবেন না। পুলিশ লাঠিচার্জ করলেও প্রতিবাদকারীরা পুলিশকর্মীদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দিয়ে অহিংস প্রতিবাদ জানাবেন।

বিজেপি সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগও তোলেন তিনি। সাংবাদিক বৈঠকে কংগ্রেসের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande