
বারুইপুর, ৪ আগস্ট (হি. স.): এক নাবালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা এবং তার বাড়িতে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপো বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েত সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত ও উত্ত্যক্ত করছিল। বারে বারে বারণ করা হলেও শোনে নি অভিযুক্ত। অভিযোগ, এদিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই কিশোরীর বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানি করে। সে চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার মা পাশের বাড়ি থেকে ছুটে আসেন। নাবালিকার মা বাড়িতে আসতেই অভিযুক্ত তাঁর উপরও চড়াও হয় বলে অভিযোগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে নাবালিকার পরিবারের সদস্যরা বারুইপুর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা