
হাইলাকান্দি (অসম) ৪ আগস্ট (হি.স.) : জনগণনা-২০২৭-এর সফল বাস্তবায়নের লক্ষ্যে হাইলাকান্দি রাজস্ব চক্রের অধীন এনুমেরেটর ও সুপারভাইজারদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণে জনগণনার বিভিন্ন ধাপ, তথ্য সংগ্রহের পদ্ধতি, স্ব-গণনা (সেল্ফ এনুমারেশন), ডিজিটাল অ্যাপের ব্যবহার, তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা রক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষকরা জনগণনার সময় নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং তথ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে সম্ভাব্য সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত এনুমেরেটর ও সুপারভাইজাররা জনগণনা-২০২৭-এর কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ইতিমধ্যে জেলাজুড়ে স্ব-গণনা কর্মসূচিকে সফল করতে প্রচার গাড়ি, মাইকিং, হেল্প ডেস্ক এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা প্রশাসন সকল নাগরিকের প্রতি নির্ধারিত সময়ের মধ্যে স্ব-গণনা সম্পন্ন করে জনগণনা-২০২৭-কে সফল করার আহ্বান জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস