
মুর্শিদাবাদ, ৪ আগস্ট (হি. স.): মঙ্গলবার অবৈধ মাদক চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকশো গাঁজার গাছ উদ্ধার করে কেটে নষ্ট করল রানিতলা থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার খোরদীকীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।
রানিতানা থানার ভারপ্রাপ্ত ওসি উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে এবং এসআই হালিম বিশ্বাসের তত্ত্বাবধানে পুলিশকর্মীরা খোরদীকীপাড়া এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। অভিযানের সময় সেখান থেকে কয়েকশো গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া গাছগুলি কেটে নষ্ট করার পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া মেনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পুলিশের দাবি, এলাকায় অবৈধ মাদক চাষ ও পাচার রুখতেই এই অভিযান চালানো হয়েছে। রানিতলা থানার ওসি উজ্জ্বল বিশ্বাস জানান, যুব সমাজকে মাদকের কবল থেকে দূরে রাখতে এবং এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।
পুলিশের অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও স্থানীয়দের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অবৈধ মাদক চাষ বা পাচার সংক্রান্ত কোনও তথ্য পাওয়া গেলে দ্রুত থানায় জানানোর জন্য সাধারণ মানুষকে আবেদন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়