হোয়াটসঅ্যাপ হ্যাক, পরিচিতদের টাকা না পাঠানোর আবেদন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর
বাঁকুড়া, ৪ আগস্ট (হি. স.): রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ও আর্থিক সাহায্য চেয়ে মেসেজ প
হোয়াটসঅ্যাপ হ্যাক, পরিচিতদের টাকা না পাঠানোর আবেদন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর


বাঁকুড়া, ৪ আগস্ট (হি. স.): রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ও আর্থিক সাহায্য চেয়ে মেসেজ পাঠানো হচ্ছে। এমনকি কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়েও নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মন্ত্রী জানিয়েছেন, তাঁর নম্বর থেকে কেউ টাকা, আর্থিক সাহায্য বা কিউআর কোড পাঠানোর অনুরোধ করলে কোনও অবস্থাতেই যেন তাতে সাড়া না দেওয়া হয়। বিষয়টি তিনি সংবাদমাধ্যম, দলীয় কর্মী ও পরিচিতদের জানিয়েছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে পোস্ট ও ভিডিও বার্তা দিয়ে সকলকে সতর্ক করেছেন।

অভিযোগ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর কাছেও ১ লক্ষ ১০ হাজার টাকা দাবি করা হয়। বর্ধমান শহরের খালাসিপাড়ার বাসিন্দা ও মন্ত্রীর পরিচিত শেখ সোহরাবের কাছ থেকে প্রথমে ৪৫ হাজার টাকা নেওয়া হয়। পরে আরও টাকা দাবি করা হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে।

ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার সাইবার সেলের পুলিশ কালনাগেট এলাকার খাঁপুকুরে মন্ত্রীর বাড়িতে পৌঁছায়। জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে এবং সাইবার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, তাঁর নম্বর হ্যাক করা হয়েছে। কেউ যেন ওই নম্বরে টাকা বা কিউআর কোড না পাঠান। তিনি দাবি করেন, 'অভিষেক কুমার' নামে এক ব্যক্তির নম্বর ব্যবহার করে এই প্রতারণা চালানো হয়েছে। হ্যাক হওয়ার পর থেকেই তাঁর পরিচিতদের কাছে ৪৫ হাজার, ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করে বার্তা পাঠানো হচ্ছে।

মন্ত্রী সকলকে অনুরোধ করেছেন, তাঁর নাম বা পরিচয় ব্যবহার করে কোনও আর্থিক লেনদেনের অনুরোধ এলে যাচাই না করে যেন কেউ টাকা না পাঠান। একই সঙ্গে এই সতর্কবার্তা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার আবেদনও জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande