
ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নয়াগ্রাম ব্লকের বড়শোল গ্রামে মঙ্গলবার পৌঁছে দুর্গত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী অমিয় কিস্কু। গ্রাম পরিদর্শনের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এদিন মুড়ি, চানাচুর, বিস্কুট, চাল, সবজি, ভোজ্য তেল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দুর্গত পরিবারগুলির মধ্যে বিতরণ করা হয়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, এলাকার মানুষ যেকোনও প্রয়োজনে ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি বড়শোল গ্রামের রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। দ্রুত প্রয়োজনীয় কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এর আগে মাটির বাড়ির দেওয়াল ধসে প্রাণ হারানো পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন অমিয় কিস্কু। শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
মন্ত্রীকে কাছে পেয়ে এবং ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সন্তোষ প্রকাশ করেন। বিপদের সময় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়ায় নতুন করে আশার আলো দেখছেন বলে জানান গ্রামবাসীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়