
ভোপাল, ৪ আগস্ট (হি. স.): মধ্যপ্রদেশের রেওয়া বিমানবন্দর থেকে আগামী ৯ আগস্ট থেকে রেওয়া-কলকাতা এবং রেওয়া-ভোপাল (৭২ আসনবিশিষ্ট) বিমান পরিষেবা চালু হতে চলেছে। এই উপলক্ষে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্ল সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিন্জারাপু রামমোহন নাইডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
মঙ্গলবার এক বিবৃতিতে রাজেন্দ্র শুক্ল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনা এবং মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের নেতৃত্বে মধ্যপ্রদেশে বিমান যোগাযোগের পরিধি ক্রমশ বাড়ছে। রেওয়া থেকে কলকাতা ও ভোপালের নতুন বিমান পরিষেবা চালু হলে বিন্ধ্য অঞ্চলে শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়বে এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উন্নত বিমান যোগাযোগের ফলে সাধারণ মানুষ, পড়ুয়া, ব্যবসায়ী ও পর্যটকরা সরাসরি উপকৃত হবেন বলেও তিনি জানান।
কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু বলেন, একসময়ের ছোট এয়ারস্ট্রিপ আজ প্রধানমন্ত্রী মোদীর ‘উড়ান’ প্রকল্পের মাধ্যমে উন্নত বিমানবন্দরে পরিণত হয়েছে এবং বিন্ধ্য অঞ্চলের উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে। দিল্লি ও রায়পুরের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের পর এবার ৯ আগস্ট থেকে কলকাতা ও ভোপালের সঙ্গেও সংযোগ চালু হচ্ছে। তাঁর মতে, এই নতুন পরিষেবার মাধ্যমে বিন্ধ্য অঞ্চল দেশের পূর্বাঞ্চল-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য