
বীরভূম, ৪ আগস্ট (হি.স.): চিকিৎসায় গাফিলতির জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও পরিজনেরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুর মহকুমা হাসপাতালে।
এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সন্তোষ সর্দার। তিনি বীরভূমের নানুর থানার চারকল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর সময়মতো সঠিক চিকিৎসা শুরু করা হয়নি। সঠিক নজরদারির অভাবে ওই ব্যক্তির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং মৃত্যু হয়।
চিকিৎসায় গাফিলতির পাশাপাশি হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন মৃতের পরিজনেরা। তাঁদের দাবি, রোগীর শারীরিক অবস্থা বা চিকিৎসার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যকর্মীরা সাহায্য করা তো দূর অস্ত, উল্টে তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন। এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। তবে এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ