
ঝাড়গ্রাম, ৪ আগস্ট (হি. স.): প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নয়াগ্রাম ব্লকের বড়শোল গ্রাম পরিদর্শনে মঙ্গলবার পৌঁছান রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। ত্রাণ ও প্রশাসনের আশ্বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
এদিন মন্ত্রী ক্ষতিগ্রস্তদের হাতে মুড়ি, চানাচুর, বিস্কুট, চাল, সবজি, ভোজ্য তেল-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি দেওয়া, নিকাশি ব্যবস্থা ও রাস্তা-ঘাটের উন্নয়নেরও আশ্বাস দেন।
এদিন গত শনিবার মাটির বাড়ির দেওয়াল ধসে প্রাণ হারানো বৃদ্ধার পরিবারের সঙ্গেও দেখা করেন মন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ ও সহায়তা পেয়ে গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, দুর্যোগের সময় জনপ্রতিনিধি ও প্রশাসন পাশে দাঁড়ানোয় তাঁরা নতুন করে ভরসা পেয়েছেন। দ্রুত সরকারি সহায়তা ও উন্নয়নমূলক কাজের আশ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, গত শনিবার প্রবল বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়। এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এলাকা পরিদর্শন, ত্রাণ শিবির চালু এবং দুর্গতদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো