
ব্যারাকপুর, ৪ আগস্ট (হি. স.): পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সহযোগিতায় ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানার উদ্যোগে নৈহাটির রাজেন্দ্রপুর মোড়ে ট্রাফিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন পথচলতি গাড়ির চালকদের ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাবিধি অনুসরণ করার বিষয়ে সচেতন করা হয়। পুলিশকর্মীরা চালকদের কাছে ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন জানান।
অন্যদিকে, সচেতনতার বার্তা পৌঁছে দিতে চালকদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দেওয়া হয়। পুলিশের এই অভিনব উদ্যোগে চালকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পথ নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব।
ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আগামী দিনগুলিতেও বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পথচারী ও গাড়িচালকদের পাশাপাশি সমস্ত পথ ব্যবহারকারীকে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়