
মউ, ৪ আগস্ট (হি.স.) : মোবাইল রিচার্জের জন্য ৫০ টাকা না পেয়ে আত্মঘাতী হল এক নাবালক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মউ জেলার রঘুনাথপুরায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির ভিতরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নাবালকের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মোবাইল রিচার্জ করার জন্য সে মায়ের কাছে ৫০ টাকা চেয়েছিল। টাকা দিতে অস্বীকার করায় অভিমানে সে এই চরম পদক্ষেপ নেয়। খবর পেয়ে কোতোয়ালি সদর থানার খিরিবাগ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন নগর পালিকা পরিষদের চেয়ারম্যান আরশাদ জামাল এবং তাঁদের সমবেদনা জানান।
অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ‘ফায়ার ফ্রি’ মোবাইল গেম খেলার জন্য রিচার্জ করতে ৫০ টাকা চেয়েছিল ওই নাবালক। মা টাকা দিতে অস্বীকার করায় সে আত্মহত্যার পথ বেছে নেয়। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস