
আগরতলা, ৪ আগস্ট (হি.স.) : ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল, বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ডঃ ডিওয়াই পাটিল আর নেই। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শিক্ষা জগৎ, প্রশাসনিক মহল এবং বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে।
ডঃ ডিওয়াই পাটিল ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কার্যকালে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল। রাজ্যপাল হিসেবে তিনি প্রশাসনের পাশাপাশি শিক্ষা বিস্তার এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়েও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মতামত ও উদ্যোগ গ্রহণ করেন।
ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব সফলভাবে পালন করার পর ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৪ সালে পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বও তিনি নিষ্ঠার সঙ্গে সামলেছিলেন।
ডঃ পাটিল দেশের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ডিওয়াই পাটিল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং তাঁর উদ্যোগে দেশজুড়ে প্রায় ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। চিকিৎসা, প্রকৌশল, ব্যবস্থাপনা, কৃষি, আইন ও উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষার প্রসার এবং সমাজ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে ১৯৯১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
ডঃ ডিওয়াই পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন রাজ্যপাল হিসেবে ডঃ পাটিলের অবদান এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য কর্মযজ্ঞ চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী, সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে দেশ এক প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে হারাল।
মুখ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। ডঃ ডিওয়াই পাটিলের প্রয়াণে ত্রিপুরাসহ সমগ্র দেশের শিক্ষা ও প্রশাসনিক মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ