
আউরাইয়া, ৪ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় আন্তঃজেলা বাইক চুরি চক্রের দু জনকে গ্রেফতার করেছে সহায়াল থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সহায়াল থানার পুলিশ থুলপিয়া মোড়ের কাছে যানবাহন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ভৈঁসোদি গ্রামের দিক থেকে আলাদা দুটি মোটরসাইকেলে আসা দুই যুবককে আটক করা হয়।তল্লাশিতে ধরা পড়ে, ওই দুই মোটরসাইকেলই চুরি করা।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের ভৈঁসোদি গ্রামের বাসিন্দা প্রাণসু ও লালু বলে পরিচয় দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলির মধ্যে একটি ফিরোজাবাদের জসরানা, একটি আগ্রার এতমাদপুর এবং একটি এটাওয়া জেলার কোতোয়ালি নগর এলাকা থেকে চুরি হয়েছিল। বাকি দুটি মোটরসাইকেলের মালিকানা ও চুরির তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করত। পরে বাইকের নম্বর প্লেট খুলে ফেলে বা ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে কম দামে বিক্রি করে দিত। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস