
কৃষ্ণগঞ্জ, ৪ আগস্ট (হি. স.): নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া কুঠিরপাড়া এলাকায় একই বাড়ির দুটি ঘর থেকে দুইজনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ৫৪ বছরের সন্তু সর্দার এবং তাঁর ১১ বছরের ভাইঝি সুমনা সর্দার। সুমনা স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমনা নিয়মিত তার পিসেমশাই সন্তু সর্দারের বাড়িতে থাকত। সোমবারও সে ওই বাড়িতে ছিল। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা সন্তু সর্দারের নিজের ঘরে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পাশের একটি ঘর বাইরে থেকে তালাবন্ধ ছিল। এদিকে সুমনার খোঁজ না মেলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তাঁরা তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে সুমনার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়।
ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে দুজনের মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সকালে একই বাড়ি থেকে দুইজনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়