
মির্জাপুর, ৪ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার আহরৌরা থানার মানিকপুর গ্রামে মঙ্গলবার সকালে জমির কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকপুর গ্রামের বাসিন্দা রোহিত চৌহান (২২) এদিন সকালে নিজের জমিতে কিছু মেরামতের কাজ করছিলেন। সেই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আচমকাই প্রবল বজ্রপাত হয়। বজ্রাঘাতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে আহরৌরা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপরেও তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রোহিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার সময় তাঁর কাছে একটি মোবাইল ফোনও ছিল। তবে মোবাইল ফোনের কারণে বজ্রাঘাত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তার কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রমাণও পাওয়া যায়নি।
আহরৌরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার মিশ্র জানান, প্রাথমিক তদন্তে বজ্রপাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস