
আগরতলা, ৪ আগস্ট (হি.স.) : রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির শিক্ষার মান ও পরিকাঠামোর উন্নয়নে নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ বা ‘মডেল স্কুল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, এখন থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় সফরে গিয়ে সংশ্লিষ্ট এলাকার সরকারি বিদ্যালয়ও নিয়মিত পরিদর্শন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রবিবার বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়েই এই নতুন উদ্যোগের সূচনা করেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তা, ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল নেতৃত্ব এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, পরিকাঠামো এবং শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করে বিদ্যালয়ের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়। শিক্ষক-শিক্ষিকাদের বেতন, পরিকাঠামো উন্নয়ন, শিক্ষাসামগ্রীসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। অন্যদিকে, অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে কম ব্যয়ে দক্ষতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করা হয় এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হয়। সেই অভিজ্ঞতা থেকেই সরকারি বিদ্যালয়গুলির কার্যক্রম আরও উন্নত ও সুসংগঠিত করার লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা অধিকর্তাকে একটি মডেল স্কুল গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে শিক্ষার পরিবেশ, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষাদানের মান—সব ক্ষেত্রেই এটি অন্য সরকারি বিদ্যালয়ের কাছে একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে ওঠে। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য বিদ্যালয় এই মডেল অনুসরণ করে নিজেদের উন্নয়নের পথ খুঁজে নিতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এখানে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে। অডিটোরিয়ামটি নির্মিত হলে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শিক্ষামূলক কর্মসূচি এবং অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় বিশেষ সুবিধা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, শুধু নিজের বিধানসভা কেন্দ্রেই নয়, ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় সফরে গিয়ে সেখানকার সরকারি বিদ্যালয়গুলিও তিনি পরিদর্শন করবেন। বিদ্যালয়গুলির বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সরকারি শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে শিক্ষা মহলে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের অন্যান্য সরকারি বিদ্যালয়ের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ