
হুগলি , ৪ আগস্ট (হি.স.): বিহারের বেগুসরাই জেলার একটি ফৌজদারি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক অভিযুক্তকে ডানকুনি রেলস্টেশন থেকে গ্রেফতার করল জিআরপি। মঙ্গলবার এই গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ধৃতের নাম ধীরজ কুমার সিং ওরফে ‘মাস্টার সাহেব’। তিনি জিতেন্দ্র কুমার শর্মার ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলের প্রধান মুখ্য নিরাপত্তা কমিশনারের মাধ্যমে হাওড়া জিআরপি কন্ট্রোলে খবর আসে যে, বিহারের বেগুসরাই জেলার সিংঘৌল থানায় নথিভুক্ত একটি ফৌজদারি মামলার নামজাদা অভিযুক্ত ধীরজ কুমার সিং গ্রেফতার এড়াতে ট্রেনে চেপে পালানোর চেষ্টা করছেন।
খবর পাওয়ার পরই বেলুড় জিআরপি থানার একটি বিশেষ দল তৎপর হয়ে ওঠে। বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি অভিযুক্তের গতিবিধির উপর নজরদারি শুরু হয়। তল্লাশি অভিযানের সময় সোমবার গভীর রাতে ডানকুনি রেলস্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেগুসরাই পুলিশের একটি দল হাওড়ায় এসে পৌঁছয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাওড়া আদালত থেকে অভিযুক্তকে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড নেওয়া হয়।
পরে ধৃত ধীরজ কুমার সিংকে বেগুসরাই পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়। পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে নিয়ে বিহারের উদ্দেশে রওনা দেয় পুলিশ।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, সিংঘৌল থানায় নথিভুক্ত মামলাটির পরবর্তী তদন্ত বেগুসরাই পুলিশই চালাবে। অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ রয়েছে এবং ঘটনার সঙ্গে তাঁর কী ভূমিকা ছিল, তা তদন্তের পর আরও স্পষ্ট হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA