
আগরতলা, ৪ আগস্ট (হি.স.) : ত্রিপুরা বিজেপি-র এসসি মোর্চার নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের প্রদেশ কার্যালয়ে সংগঠনের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন সভাপতি বাপি দাস। বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নির্ধারণ, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তপশিলি জাতি (এসসি) সম্প্রদায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এসসি মোর্চার রাজ্য ও জেলা স্তরের একাধিক পদাধিকারী এবং সংগঠনের কার্যকর্তারা। সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বুথ, মণ্ডল ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আগামী দিনে বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি, সচেতনতামূলক প্রচার এবং সদস্য সংগ্রহ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্তও নেওয়া হয়।
বৈঠক শেষে এসসি মোর্চার সভাপতি বাপি দাস সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একাধিক উন্নয়নমূলক ও সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু এখনও অনেক মানুষ এসব প্রকল্প সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নন। তাই এসসি মোর্চার কার্যকর্তাদের দায়িত্ব হবে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সহযোগিতা করা।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সমাজের সেবামূলক সংগঠন হিসেবেও এসসি মোর্চাকে কাজ করতে হবে। মানুষের সমস্যা শুনে সংশ্লিষ্ট দফগরের নজরে আনা, সরকারি পরিষেবা প্রাপ্তিতে সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাপি দাস জানান, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলা, মণ্ডল এবং বুথ স্তরে ধারাবাহিকভাবে সাংগঠনিক বৈঠক ও কর্মসূচির আয়োজন করা হবে। এর মাধ্যমে এসসি মোর্চার সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ