
আগরতলা, ৪ আগস্ট (হি.স.) : আগামী ২১ আগস্ট থেকে আগরতলায় শুরু হতে চলেছে তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে আগরতলায় এনএসআরসিসি-তে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার আগরতলায় বিবেকানন্দ ব্যায়ামাগারে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের অধিকাংশ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী নির্বাচন, জেলা পর্যায়ের প্রতিযোগিতার সময়সূচি এবং আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২১ থেকে ২৩ আগস্ট রাজ্যভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নারায়ণ চন্দ্র দেবনাথ জানান, ২১ আগস্ট বিকেল ৫টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর টানা তিন দিন বিভিন্ন ওজন বিভাগে পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট দুপুর পর্যন্ত প্রতিযোগিতা চলবে এবং সেদিন সন্ধ্যা ৬টায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।
তিনি আরও জানান, রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিটি জেলাকে আগামী ১৫ আগস্টের মধ্যে নিজস্ব জেলা পর্যায়ের নির্বাচন বা প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে। জেলা পর্যায়ে নির্বাচিত ক্রীড়াবিদরাই রাজ্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেই লক্ষ্যে ইতোমধ্যেই সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান পাওয়ার লিফটারদের চিহ্নিত করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হবে। পাশাপাশি রাজ্যে পাওয়ার লিফটিং খেলার প্রসার ও নতুন প্রজন্মকে এই খেলার প্রতি আরও আকৃষ্ট করাই আয়োজকদের অন্যতম লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ