
হাফলং (অসম), ৪ আগস্ট (হি স) : ডিমা হাসাও জেলার কৃতী ক্রীড়াবিদ নিহিতা কেম্প্রাই আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে সমগ্র ডিমা হাসাও, অসম তথা ভারতের গৌরব বৃদ্ধি করেছেন। থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত নবম দ্যা হিরোস তাইকোন্ডো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ -এ ভারতের প্রতিনিধিত্ব করে তিনি অনুর্ধ-১৮ বালিকা ৪৬ কেজি (জি৩) বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের জার্সি গায়ে চাপিয়ে নিহিতা কেম্প্রাইয়ের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ডিমা হাসাও জেলার ক্রীড়া প্রতিভার আন্তর্জাতিক স্বীকৃতিও বটে। কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং অদম্য মানসিক শক্তির ফলস্বরূপ তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। নিহিতার এই সাফল্যে ডিমা হাসাও জেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন তাঁর এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। ক্রীড়াপ্রেমীদের মতে, তাঁর এই অর্জন জেলার অসংখ্য তরুণ-তরুণীকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গও নিহিতা কেম্প্রাইয়ের এই গৌরবময় সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।
তাঁদের মতে, আন্তর্জাতিক আসরে ভারতের হয়ে পদক জয় করে তিনি প্রমাণ করেছেন যে ডিমা হাসাওয়ের প্রতিভাবান ক্রীড়াবিদরাও বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিতে সক্ষম। নিহিতা কেম্প্রাইয়ের এই অসাধারণ কৃতিত্বের জন্য তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আগামী দিনে আরও বহু জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের জন্য সাফল্য ও পদক বয়ে আনার শুভকামনা জানানো হয়েছে। ডিমা হাসাওয়ের এই কন্যার সাফল্য নিঃসন্দেহে সমগ্র অসমবাসীর জন্য এক গর্বের অধ্যায় হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব