
কলকাতা, ৫ আগস্ট (হি.স.) : মাসের গোড়ায় অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষুব্ধ অনেকে। এই ক্ষোভের আঁচ গিয়ে পৌঁছেচে বিজেপি ও আরএসএস-এর ওপরমহলেও।
এই পরিস্থিতিতে বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের অনুষ্ঠানে দ্রুত পাওনা মেটানোর আশ্বাস দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়।
তিনি জানিয়েছেন, চলতি আগস্টের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ন্যায্য প্রাপকরা এই মাসেই পাবেন। সেপ্টেম্বর অবধি গড়াবে না। যেহেতু অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল ধরা পড়েছে, তাই পূর্ণাঙ্গ ও বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে বিডিও-স্তর থেকে।
কবে অ্যাকাউন্টে ঢুকবে তার দিনক্ষণও প্রকাশ করা হল সরকারের তরফে।
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন। তবে কোনওরকম ভুল তথ্য দিলে বা অযোগ্যদের টাকা দেওয়া হবে না। এ কথা জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, “উচ্চ মাধ্যমিক শিক্ষকের স্ত্রী বা যাঁরা কর দিচ্ছেন তাঁদের স্ত্রী কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?” যাতে ন্যায্য প্রাপকরা বঞ্চিত না হন সে ব্যাপারে সচেতনতার বার্তাও দেন মন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত