
আরামবাগ , ৫আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের চিত্রশিল্পী ও শিল্পশিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বানে একটি কর্মসূচির আয়োজন করা হয় আরামবাগে। বুধবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার বিধায়ক-সহ এলাকার বিশিষ্টজনেরা। সেখানে রাজ্যের শিল্পচর্চা ও শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
শিল্পীদের পক্ষ থেকে দাবি জানানো হয়, রাজ্যের সমস্ত স্তরের বিদ্যালয়ে যোগ্য চিত্রশিল্পী ও শিল্পশিক্ষকদের নিয়োগ করতে হবে। এর ফলে বিদ্যালয় স্তর থেকেই পড়ুয়াদের মধ্যে শিল্প ও সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব হবে বলে মনে করেন উদ্যোক্তারা।
পাশাপাশি আরামবাগ এলাকায় একটি উন্নতমানের আর্ট কলেজ ও আর্ট গ্যালারি প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়। তাঁদের মতে, এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের উপযুক্ত প্রশিক্ষণ ও প্রদর্শনের সুযোগ তৈরি হবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, শিল্প ও সংস্কৃতি একটি সমাজের সৃজনশীল পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই শিল্পীদের সম্মান, প্রশিক্ষণ ও কাজের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিল্পচর্চার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা জরুরি।
শিল্পী ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়—“শিল্প বাঁচুক, শিল্পী বাঁচুক—সৃজনশীল বাংলা এগিয়ে যাক।” আরামবাগে আর্ট কলেজ ও আর্ট গ্যালারি প্রতিষ্ঠার দাবি আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরারও আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA