বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় গণ পরিবহন ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : বেহালা (পশ্চিম) বিধানসভা এলাকায় গণ পরিবহণ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত ও আরও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অন্যতম প্রধান দাবি ছিল সরকারি বাস পরিষেবার পুনরায় চালু হওয়া এবং যাত
পরিবহন মন্ত্রীর সঙ্গে বেহালা পশ্চিমের বিধায়ক


কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : বেহালা (পশ্চিম) বিধানসভা এলাকায় গণ পরিবহণ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত ও আরও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অন্যতম প্রধান দাবি ছিল সরকারি বাস পরিষেবার পুনরায় চালু হওয়া এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি। সেই দাবিকে গুরুত্ব দিয়েই বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খানের উদ্যোগে পরিবহণমন্ত্রী শ্রী অর্জুন সিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

বুধবারের বৈঠকে বেহালা অঞ্চলে সরকারি বাস পরিষেবা পুনরুজ্জীবিত করার সম্ভাবনা এবং তার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূল লক্ষ্য, এলাকার সাধারণ মানুষের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলা, যাতে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং নিত্যযাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়। এর পাশাপাশি, বেহালার বিভিন্ন প্রান্তের সঙ্গে শহরের অন্যান্য এলাকার যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এই উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে, প্রশাসনের তরফে জানানো হয়েছে, মানুষের দৈনন্দিন যাতায়াতের সমস্যা লাঘব এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বেহালা পশ্চিমের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই বৈঠক একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande