
তিরুবনন্তপুরম, ৫ আগস্ট (হি. স.) : কেরলমের ৩৮টি ওয়ার্ডে স্থানীয় স্বশাসিত সংস্থার আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বুধবারই শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) জানিয়েছে, ১ জানুয়ারি, ২০২৬ বা তার আগে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
কমিশনের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ২১ জুলাই। সেই তালিকায় মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৯৪৭। এর মধ্যে ১ লক্ষ ৫৭ হাজার ৬১৬ জন মহিলা, ১ লক্ষ ৪৯ হাজার ৩২৭ জন পুরুষ এবং চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট স্থানীয় স্বশাসিত সংস্থা, তহসিল ও গ্রাম অফিসে পরিদর্শনের জন্য রাখা হয়েছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও তালিকা দেখা যাচ্ছে। যাঁদের নাম এখনও তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের বুধবারের মধ্যেই আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।
আগামী ১৯ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।
এই উপনির্বাচনের জন্য রাজ্যের ১২টি জেলায় মোট ৩৮টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। কোল্লাম ও আলাপ্পুঝা জেলায় এবার কোনও উপনির্বাচন নেই। নির্বাচনকে কেন্দ্র করে মোট ৩৮৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
উপনির্বাচনের আওতায় রয়েছে এর্নাকুলাম ও কোঝিকোড় পুরনিগমের দুটি ওয়ার্ড, ত্রিশূর, পালাক্কাড় ও কন্নুরের তিনটি পুরসভার ওয়ার্ড, তিরুবনন্তপুরম, কোট্টায়ম ও পালাক্কাড় জেলার তিনটি জেলা পঞ্চায়েত ওয়ার্ড, সাতটি ব্লক পঞ্চায়েত ও ২৩টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড।
রাজ্য নির্বাচন কমিশনের দাবি, উপনির্বাচনের আগে ভোটার তালিকা প্রস্তুতের মূল উদ্দেশ্য হল সংশ্লিষ্ট এলাকার প্রত্যেক যোগ্য নাগরিককে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য