অসমের বন্যাদুর্গতদের পাশে শিলিগুড়ির মুক্তধারা ফাউন্ডেশন, ত্রাণ নিয়ে শিবসাগর ও জোরহাটে রওনা
শিলিগুড়ি, ৫ আগস্ট (হি. স.): অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার কাবেরী চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল ত্রাণসামগ্রী নিয়ে অসমের শিবসাগর ও জোরহাট
ত্রাণ অসমের জন্য


শিলিগুড়ি, ৫ আগস্ট (হি. স.): অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার কাবেরী চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল ত্রাণসামগ্রী নিয়ে অসমের শিবসাগর ও জোরহাট জেলার উদ্দেশে রওনা দিচ্ছে। শুধু ত্রাণ বিতরণই নয়, বন্যায় মৃত এবং পরিচয়হীন মৃতদেহের সৎকারের কাজেও অংশ নেবেন দলের সদস্যরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক থেকে দেড় টন শুকনো খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে শিলিগুড়ির বাসিন্দা মৌসুমী পালের উদ্যোগে প্রায় ৫০০ কেজি চিঁড়া ও অন্যান্য শুকনো খাবার দেওয়া হয়েছে। বন্যাদুর্গত এলাকায় পৌঁছে ওই সামগ্রী প্রয়োজনীয় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

মৌসুমী পাল বলেন, প্রকৃতির ভয়াবহ দুর্যোগে অসমের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাবেরী চন্দ্র সরকার ও তাঁর দলের কাজের প্রতি আস্থা রেখেই তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

কাবেরী চন্দ্র সরকার জানান, তাঁরা শুধু ত্রাণ বিলি করতে যাচ্ছেন না। বন্যায় প্রাণ হারানো যাঁদের দেহ উদ্ধার বা সৎকারের অপেক্ষায় রয়েছে, তাঁদের যথাযথ সৎকারের ব্যবস্থাও করা হবে। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande