
পশ্চিম বর্ধমান, ৫ আগস্ট (হি স): এবার দুর্গাপুরের একটি ইটভাটা থেকে মিলল ৪৮ লক্ষ টাকা। কেন ওই টাকা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের গৌরবাজার এলাকায় একটি ইটভাটা আছে। যদিও সেটি দীর্ঘদিন ধরেই বন্ধ। ফরিদপুর থানার পুলিশ একটি চুরির তদন্ত করছে। সেই তদন্তে গোপন সূত্রে তদন্তকারীদের কাছে খবর আসে। পুলিশের একটি দল বুধবার সকালে গৌরবাজার এলাকার ওই ইটভাটায় হানা দেয়। দীর্ঘ তল্লাশির পর সেখান থেকে উদ্ধার হয় বিশাল অঙ্কের টাকা।
পুলিশ জানিয়েছে, মোট ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, পড়শি জেলা বীরভূমের বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। মিলেছে কেজি কেজি সোনা। বেআইনি বালি-পাথরের ব্যবসা করে পাহাড়প্রমাণ সম্পত্তি টুলু করেছে বলে অভিযোগ। ওই জেলার একাধিক জায়গায় তল্লাশিও চলছে তদন্তকারীদের। সেই আবহে দুর্গাপুরে এই ঘটনায় আলোচনা হচ্ছে এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত