কলকাতায় আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা
কলকাতা, ৫ আগস্ট (হি. স.):কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আজ ও বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌস
আবহাওয়াবিদ


কলকাতা, ৫ আগস্ট (হি. স.):কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, আজ ও বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে সরে আসায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মাঝারি বৃষ্টির পাশাপাশি এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা থাকবে।

এদিকে উত্তরবঙ্গে বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে তীব্রতা কিছুটা কমতে পারে। কলকাতাতেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande