টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক জেলা
কোচবিহার ও আলিপুরদুয়ার, ৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিশ্রান্ত বৃষ্টিতে উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে জনজীবন ব্যাহত। বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গের এই দুই জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন। জানা গেছে, মঙ্গলবার গভীর
টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক জেলা


কোচবিহার ও আলিপুরদুয়ার, ৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিশ্রান্ত বৃষ্টিতে উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে জনজীবন ব্যাহত। বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গের এই দুই জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাত থেকে একটানা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার শহর। জমে থাকা জলের কারণে স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রা। শহরের ব্যস্ততম এলাকা কেশব রোড, নতুন বাজার, ভবানীগঞ্জ বাজার সংলগ্ন অঞ্চল থেকে শুরু করে সুনীতি রোড— সর্বত্রই এক হাঁটু জল। দিনহাটা রোডের একাধিক জায়গায় জল জমে থাকায় গাড়ি চলাচলে চরম সমস্যা তৈরি হয়েছে। নিচু এলাকাগুলির অনেক বাড়িঘর ও দোকানপাটে জল ঢুকে বিপত্তি আরও বাড়িয়েছে।

একই চিত্র আলিপুরদুয়ারেও। মঙ্গলবার রাত থেকেই সেখানে অবিরাম বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে জল বাড়ছে আলিপুরদুয়ারের কালজানি, সংকোশ, রায়ডাক-সহ একাধিক নদীতে। নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে। চরম ভোগান্তিতে পড়েছে ছাত্র-ছাত্রীরা। শহরের একাধিক বিদ্যালয় চত্বরে হাঁটু জল জমে যাওয়ায় সমস্যায় পড়ে ছাত্র-ছাত্রীরা। নিকাশি নালাগুলি দিয়ে দ্রুত জল বের করার ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande