হিমাচলে ১১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা
শিমলা, ৫ আগস্ট (হি. স.): হিমাচল প্রদেশে অব্যাহত বর্ষণে জনজীবন বিপর্যস্ত। আগামী ১১ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির জেরে একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে প্রায় ১৫৩টি
হিমাচলে ১১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা


শিমলা, ৫ আগস্ট (হি. স.): হিমাচল প্রদেশে অব্যাহত বর্ষণে জনজীবন বিপর্যস্ত। আগামী ১১ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির জেরে একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে প্রায় ১৫৩টি রাস্তা। এরই মধ্যে চাম্বা জেলায় মণিমহেশ যাত্রাপথে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিরমৌর ও উনা জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। সিরমৌরের জট্টন ব্যারাজে ১৩৫.৪ মিলিমিটার এবং উনার রায়পুর ময়দানে ১২৪.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্য জরুরি পরিচালন কেন্দ্রের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে ১৫৩টি রাস্তা বন্ধ রয়েছে। এর পাশাপাশি ১৯১টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ৫৮টি পানীয় জলের প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে সিরমৌরের পাঁওটা সাহিব মহকুমার সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দু'দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, চাম্বা জেলার মেহলা এলাকার কাছে মণিমহেশ দর্শনে যাওয়ার পথে একটি থর গাড়ির উপর পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই পঞ্জাবের এক পুণ্যার্থীর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, কিন্নৌর জেলায় টানা বৃষ্টিতে বাস্পা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কুপ্পা ব্যারাজ থেকে অতিরিক্ত জল ছাড়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার এবং নদীর ধারে অপ্রয়োজনীয়ভাবে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande