প্রবল বৃষ্টিতে কেরলমের ১০টি জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সতর্কতা জারি উপকূলে
তিরুবনন্তপুরম, ৫ আগস্ট (হি. স.) : প্রবল বর্ষণের জেরে কেরলমের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার রাজ্যের ১০টি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে উপকূলবর্তী এলাকায় সমুদ্র
প্রবল বৃষ্টিতে কেরলমের ১০টি জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সতর্কতা জারি উপকূলে


তিরুবনন্তপুরম, ৫ আগস্ট (হি. স.) : প্রবল বর্ষণের জেরে কেরলমের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার রাজ্যের ১০টি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হয়ে ওঠা ও প্লাবনের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাসারগোড, কান্নুর, কোঝিকোড়, এর্নাকুলাম, ত্রিশূর, কোট্টায়ম, পাথানামথিট্টা, আলাপ্পুঝা, ইদুক্কি এবং ওয়েনাড জেলায় বুধবার স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে, কেরলম বিশ্ববিদ্যালয় বুধবারের নির্ধারিত সমস্ত থিওরি পরীক্ষা, ব্যবহারিক ও ভাইভা পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার নতুন সূচি পরে ঘোষণা করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাবিভাগের নিজস্ব পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কাসারগোড জেলায় সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ, পেশামুখী শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, টিউশন সেন্টার, আইসিএসই ও সিবিএসই স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়, বোর্ড ও অন্যান্য সরকারি পরীক্ষা এবং সাক্ষাৎকার যথারীতি অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্র (আইএনসিওআইএস) জানিয়েছে, ‘কাল্লাক্কাডাল’ প্রভাবে কেরলমের একাধিক উপকূলে সমুদ্রের জল অস্বাভাবিকভাবে ফুলে ওঠা, উপকূল ক্ষয় এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। তিরুবনন্তপুরমের কাপ্পিল থেকে পোঝিয়ুর, কোল্লামের আলাপ্পাড থেকে এডাভা এবং আলাপ্পুঝার চেল্লানাম থেকে আঝিক্কাল জেটি পর্যন্ত উপকূলে ১.১ থেকে ১.৪ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সতর্কতা বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

একই সঙ্গে তামিলনাড়ুর কন্যাকুমারী উপকূলেও বৃহস্পতিবার দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত ১.২ থেকে ১.৬ মিটার উচ্চতার ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। ফলে নিচু উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জল ঢুকে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মৎস্যজীবী, উপকূলবর্তী এলাকার বাসিন্দা এবং পর্যটকদের অপ্রয়োজনীয়ভাবে সমুদ্রের ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। সমুদ্র উত্তাল থাকায় সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande