
কলকাতা, ৫ আগস্ট (হি.স.): জরাজ্যে পালাবদলের কালেও বিধানসভায় একটি আসনও পায়নি কংগ্রেস। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে, কর্মসূচি করছে তারা। কলকাতামুখী কর্মীদের উপর গত ২১ জুলাইয়ের সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার ‘লালবাজার চলো’ নামে সত্যাগ্রহ অভিযান করে প্রদেশ কংগ্রেস।
মিছিলে পা মেলান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলীয় নেতৃবৃন্দ।
এবার একুশে জুলাই পালন করেছে ঘটা করে। শহিদ মিনারে সভায় প্রদেশ কংগ্রেসকে পুলিশ অনুমতিও দেয়। সেই সভা থেকেই অভিযোগ ওঠে বিভিন্ন জেলা থেকে আসা কংগ্রেসের নেতা-কর্মীদের কলকাতায় আসতে বাধা দেওয়া হয়।
কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এদিনের মিছিলে কংগ্রেসের কর্মীদের বেশ জমায়েত চোখে পড়ে। মিছিলটি সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে লালবাজারের দিকে ঢোকার মুখে আটকে দেয় কলকাতা পুলিশ।
গান্ধীগিরি করে কংগ্রেসের নেতারা পুলিশকে চকোলেট ও গোলাপ ফুল দিয়ে প্রমাণ করে তাঁদের এই আন্দোলন সত্যাগ্রহই।
যদিও ঘটনা ঘটার দু’সপ্তাহ পর এই আন্দোলন নিয়ে ক্ষোভের কথা কান পাতলে শোনা যাচ্ছে কংগ্রেসের অন্দরেই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত