পাথারকান্দিতে মানব পাচার ও ডাইনি প্রথা নির্মূলে সচেতনতার বার্তা
শ্রীভূমি, (অসম) ৫ আগস্ট (হি.স.) : বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে, পুলিশ প্রশাসন ও বিভিন্ন লাইন বিভাগের সহযোগিতায় পাথারকান্দি কলেজ অব এডুকেশনে মঙ্গলবার মানব পাচার প্রতিরোধ ও ডাইনি প্রথা নির
Sribhumi


শ্রীভূমি, (অসম) ৫ আগস্ট (হি.স.) : বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে, পুলিশ প্রশাসন ও বিভিন্ন লাইন বিভাগের সহযোগিতায় পাথারকান্দি কলেজ অব এডুকেশনে মঙ্গলবার মানব পাচার প্রতিরোধ ও ডাইনি প্রথা নির্মূল শীর্ষক এক বহুপক্ষীয় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দির সার্কেল অফিসার অদিতি নুনিসা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিডিএসপি অনির্বাণ শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) প্রণব জ্যোতি কলিতা, পাথারকান্দি কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ ড. আইনুল হক, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শুভজিৎ দে, জেলা সমন্বয়ক (মিশন বাত্সল্য) ইয়াসমিন সুলতানা চৌধুরী, জেলা মিশন সমন্বয়ক (মিশন শক্তি) রূপকথা চক্রবর্তী, জেলা প্রোগ্রাম সমন্বয়ক (PMMVY) ও ফাংশনাল লিটারেসি স্পেশালিস্ট ইশিতা দাস, জেন্ডার স্পেশালিস্ট আজার আহমদ এবং অভিমন্যু সরকার।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলেজের ছাত্র-ছাত্রীরা অতিথিদের সংবর্ধনা জানান। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ ড. আইনুল হক মানব পাচার ও ডাইনি প্রথার মতো সামাজিক কুসংস্কার নির্মূলে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

ডিডিএসপি অনির্বাণ শর্মা মানব পাচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মানব পাচারের সংজ্ঞা, কারণ, বিভিন্ন রূপ, অপরাধ সংঘটনের কৌশল, আইনগত দিক, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন অংশীদার সংস্থার ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।

সার্কেল অফিসার অদিতি নুনিসা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শুভজিৎ দে আর্থিক স্বনির্ভরতার গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে মানব পাচার ও প্রলোভনের ফাঁদে পড়ার ঝুঁকি অনেকটাই কমে। তিনি শিক্ষার্থীদের বিদ্যা লক্ষ্মী পোর্টালের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ গ্রহণের পদ্ধতিও ব্যাখ্যা করেন।

ইশিতা দাস নারী ও শিশু কল্যাণমূলক বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে আলোচনা করেন। তিনি বেটি বাচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন-১৮১, নেশামুক্তি অভিযান এবং পোষণ অভিযানসহ বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা তুলে ধরেন।

মিশন বাত্সল্যের জেলা সমন্বয়ক ইয়াসমিন সুলতানা চৌধুরী আইনসম্মত দত্তক গ্রহণের প্রক্রিয়া, শিশুবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ এবং শিশু সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

ধন্যবাদজ্ঞাপন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অন্যান্য অংশীদারদের সক্রিয় অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande