
বাঁকুড়া, ৫ আগস্ট (হি. স.): বাঁকুড়ার জয়পুর ব্লকে ফের একাধিক বিদ্যালয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীরা বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি, টেবিলের ড্রয়ার ও লকারের তালা ভাঙচুর চালায়। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে জয়পুর উচ্চ বিদ্যালয় এবং রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউটে একই ধরনের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঢুকে আলমারি, টেবিলের ড্রয়ার ও লকারের তালা ভেঙে তল্লাশি চালায়। একটি ব্যাগ থেকে খুচরো টাকা ও একটি রুপোর চেন বের করলেও পরে সেগুলি টেবিলের উপর রেখেই পালিয়ে যায়।উল্লেখ্য, এর দু'দিন আগেও জয়পুর ব্লকের একাধিক বিদ্যালয়ে একই কায়দায় দুষ্কৃতীরা হানা দিয়েছিল। পরপর এই ধরনের ঘটনায় বিদ্যালয়গুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। একই রাতে একাধিক বিদ্যালয়ে তালা ভাঙার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত চালাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট