
কলকাতা, ৫ আগস্ট (হি.স.): পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত বিভাগীয় রেলপ্রবন্ধক (এডিআরএম) হিসেবে পদভার গ্রহণ করলেন রজনীশ সিং। এই বিষয়ে পূর্ব রেলের পক্ষ থেকে বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং)-এর ২০০৫ ব্যাচের কর্মকর্তা রজনীশ সিং প্রশাসনিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। এর আগে তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)-এ চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) পদে কর্মরত ছিলেন, যেখানে তিনি রেল ইঞ্জিন নির্মাণ ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রেলের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার তাঁর অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা শিয়ালদহ বিভাগের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।
দায়িত্ব গ্রহণের পর রজনীশ সিং বিভাগের পরিচালন ক্ষমতাকে আরও সুদৃঢ় করা, যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান করা এবং সুরক্ষা ও নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখাকে নিজের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনি কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে শিয়ালদহ বিভাগের রেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী, আধুনিক ও যাত্রীবান্ধব করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি