শ্রীভূমিতে লোক কল্যাণ দিবস পালন
শ্রীভূমি, (অসম), ৫ আগস্ট (হি.স.) : আসামের প্রথম মুখ্যমন্ত্রী, ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ-এর তিরোধান দিবস উপলক্ষে বুধবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলাতেও লোক কল্যাণ দিবস পালিত হয়েছে। বিকেলে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জ
Sribhumi


শ্রীভূমি, (অসম), ৫ আগস্ট (হি.স.) : আসামের প্রথম মুখ্যমন্ত্রী, ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ-এর তিরোধান দিবস উপলক্ষে বুধবার সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলাতেও লোক কল্যাণ দিবস পালিত হয়েছে। বিকেলে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক, কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের সূচনায় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) মুন গগৈ, অতিরিক্ত জেলা আয়ুক্ত এল. খিংতে, সপ্ততি এন্দো ও মারিয়া তানিম-সহ অন্যান্য অতিথিরা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম।

এদিন গোপীনাথ বরদলৈর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে এডিসি মারিয়া তানিম জানান, জনসেবায় অসামান্য অবদান রাখা সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের পক্ষ থেকে 'লোক সেবা পুরস্কার' প্রদান করা হয়। এই পুরস্কারের অন্তর্ভুক্ত রয়েছে ২৫ হাজার টাকার আর্থিক সম্মান, প্রশংসাপত্র এবং চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করার সুযোগ।

জেলা পরিষদের সিইও মুন গগৈ তাঁর বক্তব্যে গোপীনাথ বরদলৈর জীবনাদর্শ এবং আধুনিক অসম গঠনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, সরকারি দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিরলস পরিশ্রম অনেক সময়ই আড়ালেই থেকে যায়। তাঁদের নিষ্ঠা ও জনসেবামূলক কাজের যথাযথ মূল্যায়নের জন্য রাজ্য সরকারের লোক সেবা পুরস্কার একটি সময়োপযোগী উদ্যোগ। এই স্বীকৃতি কর্মচারীদের দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, পৌরসভার সহ-সভাপতি সুখেন্দু দাস, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. মতীন্দ্র সূত্রধর, জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রশাসনিক আধিকারিক হিরন্ময় রায়, বিভিন্ন দপ্তরের আধিকারিক-কর্মচারী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande