
বীরভূম, ৫ আগস্ট (হি. স.):
বীরভূমের বহুল চর্চিত টুলু মণ্ডল-সংক্রান্ত ঘটনায় ফের নতুন মোড়। এবার টুলু মণ্ডলের শ্যালকের বাড়িতে তল্লাশি চালাল এসটিএফের একটি বিশেষ দল। জানা গিয়েছে, টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মো. সামসুল আলমের বাড়িতে এদিন এসটিএফের সদস্যরা পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন।
সূত্রের খবর, বাড়ির একাধিক অংশে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। তবে কী কারণে এই তল্লাশি চালানো হয়েছে এবং অভিযানে কী কী নথি বা সামগ্রী খতিয়ে দেখা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত এসটিএফের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বুধবার জানা গিয়েছে, এসটিএফের দল বাড়িতে পৌঁছনোর সময় মিন্টু শেখ ওরফে মো. সামসুল আলম সেখানে উপস্থিত ছিলেন না। তাঁকে বাড়িতে পাওয়া যায়নি বলে সূত্রের দাবি। তাঁর অনুপস্থিতি ঘিরেও এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা।
এর আগে টুলু মণ্ডলকে ঘিরে বিভিন্ন ঘটনায় তাঁর শ্যালকদের নাম খবরের শিরোনামে উঠে এসেছিল। এবার তাঁর শ্যালকের বাড়িতে এসটিএফের তল্লাশি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযানের মাধ্যমে তদন্তকারীদের হাতে নতুন কোনও তথ্য বা গুরুত্বপূর্ণ সূত্র আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়