
হাইলাকান্দি, (অসম) ৫ আগস্ট (হি.স.) : লোক সেবা পুরস্কার-২০২৬ -এ সম্মানিত হলেন হাইলাকান্দি জেলা প্রশাসনের তিন কর্মচারী। বুধবার জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আয়ুক্ত জয় বিকাশ পুরস্কারপ্রাপ্ত তিন সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট—নজমুল ইসলাম তাপাদার, অরুণজ্যোতি দে এবং হীরেন্দ্র কুমার রায়ের হাতে শংসাপত্র তুলে দেন। তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনাও দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা আয়ুক্ত জয় বিকাশ বলেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি কর্মচারীদের আরও নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, নন-গেজেটেড সরকারি কর্মচারীদের অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। সীমিত সংখ্যক পুরস্কারের কারণে অনেক যোগ্য কর্মচারী সুযোগ না পেলেও তাঁদের নিরুৎসাহিত না হয়ে আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত জেলা আয়ুক্ত ভেন লাল নাম্পুই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর জীবনাদর্শ তুলে ধরে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। অপর অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমদ মজুমদার পুরস্কারপ্রাপ্তদের কর্মনিষ্ঠা ও সততার প্রশংসা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, মিনার্ভা দেবী, সহকারী আয়ুক্ত জনাদি লাংথাসা, লক্ষ্যজ্যোতি গগৈ, প্রশাসনিক আধিকারিক তপন নন্দীসহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে জেলা আয়ুক্ত ও অন্যান্য আধিকারিকরা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস