লোক কল্যাণ দিবসে ডিমা হাসাওয়ে গোপীনাথ বরদলৈকে শ্রদ্ধাঞ্জলি, ‘লোক সেৱা পুরস্কার’ পেলেন জতন কেম্প্রাই
হাফলং (অসম), ৫ আগস্ট (হি স) : সমগ্র অসমের সঙ্গে সঙ্গতি রেখে ডিমা হাসাও জেলাতেও বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল লোক কল্যাণ দিবস। ভারতের রত্ন, অসমের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ-এর ৭৬তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে
গোপীনাথ বরদলৈকে শ্রদ্ধাঞ্জলি


হাফলং (অসম), ৫ আগস্ট (হি স) : সমগ্র অসমের সঙ্গে সঙ্গতি রেখে ডিমা হাসাও জেলাতেও বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল লোক কল্যাণ দিবস। ভারতের রত্ন, অসমের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ-এর ৭৬তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাফলংস্থিত জেলা আয়ুক্তের (ডিস্ট্রিক্ট কমিশনার) সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের কার্যনির্বাহী সদস্য প্রবীতা জহরি, জেলা কমিশনার গায়ত্রী দেবীদাস হাইলিংঙ্গে, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, কর্মচারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন এবং লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। পরে অতিথিরা বরদলৈয়ের জীবনাদর্শ, দেশপ্রেম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। সভায় প্রধান অতিথির ভাষণে দনপাইনন থাওসেন সরকারি কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করার আহ্বান জানান। তিনি বলেন, জনসেবাই সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করলে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জেলা কমিশনার গায়ত্রী দেবীদাস হাইলিংঙ্গে তাঁর বক্তব্যে বলেন, একজন সরকারি কর্মচারীর নিষ্ঠা, দক্ষতা ও কর্মনিষ্ঠাই প্রশাসনের সফলতার মূল ভিত্তি। তিনি উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীকে আরও আন্তরিকতার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে সহকারী জেলা কমিশনার জুনালি দেবী সিং, স্বাগত ভাষণ প্রদান করেন।

তিনি জানান, জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাজ্য সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে কর্মনিষ্ঠ সরকারি কর্মচারীদের ‘লোক সেৱা পুরস্কার’ প্রদান করে থাকে। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘লোক সেৱা পুরস্কার–২০২৬’ প্রদান। জেলা কমিশনার কার্যালয়ের মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) জতন কেম্প্রাই-কে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, কর্মদক্ষতা, বিশ্বস্ততা এবং জনসেবায় অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ রাজ্য সরকারি সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানের শেষে পুরস্কারপ্রাপ্ত জতন কেম্প্রাইকে অভিনন্দন জানিয়ে উপস্থিত অতিথিরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande