
কলকাতা, ৫ আগস্ট (হি স)। বিধানসভার ইতিহাসে এক অভূতপূর্ব ও নজিরবিহীন ঘটনা। এই প্রথমবার কোনও মার্শালকে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।
বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণ ও চরম গাফিলতির অভিযোগ তুলে তাঁকে সাসপেন্ড করেছে বিধানসভার সচিবালয়।
সূত্রের খবর, সম্প্রতি ১৮তম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি পরিচিতি শিবিরের আয়োজন করা হয়। লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে হওয়া সেই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বিধায়কদের সঙ্গে ও সার্বিক দায়িত্বে দেবব্রতবাবু মোটেও দায়িত্বপূর্ণ আচরণ করেননি বলে অভিযোগ।
একাধিক বিধায়ক তাঁর বিরুদ্ধে বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতকের কাছে লিখিত ও মৌখিক ক্ষোভ প্রকাশ করেন।
এখানে বলে রাখা ভাল, বিধানসভার ভিতরে সমস্ত রকম নিরাপত্তা সংক্রান্ত বিষয় এই মার্শালের উপরেই ন্যাস্ত থাকে। তিনি তাঁর টিম নিয়েই এই কাজ করেন।
সম্প্রতি, বিধানসভায় অশিবেশন চলাকালীন কুণাল ঘোষকে যখন অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ রথীন্দ্র বোস, সেই সময় এই মার্শালের নেতৃত্বাধীন টিমই সেই কাজ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত