
কলকাতা, ৫ আগস্ট (হি. স.): তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। এনিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। শেষ পর্যন্ত তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল গেরুয়া শিবির।
রাজ্যে ক্ষমতায় আসার পর এ ধরনের কোনও কাজকর্মের সঙ্গে বিজেপি যে আপোষ করবে না, তা বারবার কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই মতোই এবার পদক্ষেপ গ্রহণ। ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ ওঠায় এবার কড়া সিদ্ধান্ত নিল বিজেপি।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রকাশ্যে দাঁড়িয়ে একাধিকবার দলের একাংশের তোলাবাজি-সহ বিভিন্ন অনৈতিক কাজ নিয়ে সরব হয়েছেন। তাঁদের সতর্ক করেছেন।
সূত্রের খবর, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের কাজকর্মের জন্য দলের ২৫০ জনকে শোকজ করা হয়েছে।
এদের মধ্যে ১০২ জনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। ৮০ জনের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাঁদের শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে ২২ জনের কাছে গ্রহণযোগ্য সদুত্তর না মেলায় তাঁদের ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তরফ থেকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত