
শান্তিপুর, ৬ আগস্ট (হি. স.):পরিষেবা না দেওয়া এবং একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শান্তিপুর বিধানসভার অন্তর্গত বেলঘড়িয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির পঞ্চায়েতের বিরোধী দলনেতার নেতৃত্বে দলের প্রতিনিধিরা উপপ্রধান তাপস ঘোষের ঘরে তালা লাগিয়ে দেন।
বেলঘড়িয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে। বিজেপির অভিযোগ, উপপ্রধান তাপস ঘোষ নিয়মিত পঞ্চায়েত অফিসে আসেন না। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সরকারি পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন। পাশাপাশি, উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি বিজেপির।
বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, তারা বিরোধী দলে থাকাকালীন তৎকালীন তৃণমূল সরকারের নিয়ম মেনেই কাজ করেছেন। কিন্তু সরকার পরিবর্তনের পরও পঞ্চায়েতের উপপ্রধান তা মেনে নিতে পারছেন না বলে অভিযোগ।
বিজেপির দাবি, সাধারণ মানুষ যাতে পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রশাসনের তরফে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যতদিন না পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন উপপ্রধানের ঘর তালাবন্ধ থাকবে বলে জানিয়েছে বিজেপি।
তবে বিজেপির তোলা অভিযোগের বিষয়ে উপপ্রধান তাপস ঘোষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়