
দেহরাদূন, ৬ আগস্ট (হি.স.) : কাঁওয়াড় মেলাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঋষিকেশে। বৃহস্পতিবার ত্রিবেণী ঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, প্রধান বাজার-সহ বিভিন্ন জনবহুল এলাকায় তল্লাশি চালায় দেহরাদূন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁওয়াড় মেলাকে কেন্দ্র করে সন্দেহভাজন ব্যক্তি ও সন্দেহজনক কার্যকলাপের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বম্ব স্কোয়াড ত্রিবেণী ঘাটের আরতি প্রাঙ্গণ, নৌকা ঘাট, আস্থা পথ, ঋষিকেশ বাসস্ট্যান্ড, ট্রানজিট ক্যাম্প, রেলস্টেশন, বিভিন্ন দোকান এবং বাসে তল্লাশি চালায়।
অভিযান চলাকালীন সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন পুলিশকর্মীরা। কোনও সন্দেহজনক বস্তু বা সন্দেহভাজন ব্যক্তি চোখে পড়লে অবিলম্বে নিকটবর্তী পুলিশ ফাঁড়ি বা পুলিশ কন্ট্রোল রুমে খবর দেওয়ার জন্য সকলকে সচেতন করা হয়। পুলিশ জানিয়েছে, কাঁওয়াড় মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের তল্লাশি ও নজরদারি অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস