কাঁকুড়গাছি ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের হাতে আরও এক গ্রেফতার
কলকাতা, ৬ আগস্ট (হি.স.): কলকাতার কাঁকুড়গাছিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। অরূপ দাস নামের ওই অভিযুক্তকে অসম থেকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে অসম থে
গ্রেফতার


কলকাতা, ৬ আগস্ট (হি.স.): কলকাতার কাঁকুড়গাছিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। অরূপ দাস নামের ওই অভিযুক্তকে অসম থেকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে অসম থেকে দিল্লিগামী একটি ট্রেন থেকে ধরে। সে নিজের পরিচয় গোপন রেখে ওই ট্রেনে কোচ অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করছিল।

সিবিআই এই অভিযুক্তের সন্ধানদাতার জন্য ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল। সূত্রের খবর, অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছিল। সেই সময়ই কাঁকুড়গাছিতে অভিজিৎ সরকারকে হত্যার অভিযোগ ওঠে। পরিবারের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর গলায় তার পেঁচিয়ে এবং মারধর করে খুন করা হয়।

প্রাথমিকভাবে এই মামলার তদন্ত করছিল নারকেলডাঙা থানার পুলিশ। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

এই মামলায় পুলিশ আগে ১৫ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে সিবিআই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে, যেখানে মোট ২০ জন অভিযুক্তের নাম ছিল। এর মধ্যে ১৫টি নাম পুলিশের চার্জশিটেও অন্তর্ভুক্ত ছিল। গত বছর জুলাই মাসে সিবিআই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে, যাতে মোট ১৮ জন অভিযুক্তের নাম নথিভুক্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande