
কলকাতা, ৬ আগস্ট (হি.স.): রাজ্য সরকারের উদ্যোগে এবার প্রথমবারের মতো কেন্দ্রের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের আনুষ্ঠানিক অংশগ্রহণের ঘোষণা করা হল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামী ১০ আগস্ট সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত একটি বৃহৎ তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। ভবানীপুরের বিধায়ক হিসেবেও তিনি ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানান।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘নেশন ফার্স্ট’ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ভারত সরকারের এই উদ্যোগে রাজ্য সরকার শামিল হচ্ছে। তথ্য ও সংস্কৃতি দফতরকে নোডাল বিভাগ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি স্তরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এবার প্রথমবার রাজ্যের সমস্ত জেলা, মহকুমা ও ব্লক স্তরে প্রায় ৭০ হাজার জাতীয় পতাকা বিতরণ করা হবে। পাশাপাশি ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ—সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশাত্মবোধক গান, কুইজ, বক্তৃতা এবং বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। কর্মসূচির প্রচারে সংবাদমাধ্যমেরও সহায়তা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর তরফে এদিন আরও দাবি করা হয়, ১০ আগস্টের তিরঙ্গা যাত্রায় প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের লক্ষ্য রাখা হয়েছে। ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। দল-মত নির্বিশেষে সকলকে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত