বাঁকুড়ায় বজ্রপাতে ফের দুই জনের মৃত্যু, জখম চার
বাঁকুড়া, ৬ আগস্ট (হি. স.): বর্ষার মরশুমে ক্রমাগত বজ্রপাতে মৃত্যুর ঘটনায় বাঁকুড়া জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিনে সাতজনের মৃত্যুর পর বৃহস্পতিবার ফের দুটি পৃথক ঘটনায় আরও দু''জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, অপর একটি ঘটনায় চারজন মহিলা গুরুতর জ
বাঁকুড়ায় বজ্রপাতে ফের দুই জনের মৃত্যু, জখম চার


বাঁকুড়া, ৬ আগস্ট (হি. স.): বর্ষার মরশুমে ক্রমাগত বজ্রপাতে মৃত্যুর ঘটনায় বাঁকুড়া জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিনে সাতজনের মৃত্যুর পর বৃহস্পতিবার ফের দুটি পৃথক ঘটনায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, অপর একটি ঘটনায় চারজন মহিলা গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাতনা থানার সিরাপুর গ্রামের বাসিন্দা মাধাই বাউড়ির বজ্রপাতে মৃত্যু হয়েছে। অন্যদিকে, শালতোড়া থানার কনোড়ি গ্রামের বাসিন্দা জয় রামেরও বজ্রাঘাতে মৃত্যু হয়।

অন্য এক ঘটনায় বিষ্ণুপুরে বজ্রপাতে চারজন মহিলা গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, গত কয়েক দিনেই জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহের সোমবার বিকেলে কাজ সেরে স্কুটিতে বাড়ি ফেরার পথে রাইপুরের ধানাড়া এলাকার মধুপুর গ্রামের দুই বোন খুকুমনি হাঁসদা ও মনিমালা হাঁসদা বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি গাছের নীচে আশ্রয় নিলে বজ্রাঘাতে তাঁদের মৃত্যু হয়।এছাড়া ওই দিনই বিষ্ণুপুরের গোপালমাঠ এলাকায় চাষের কাজ করার সময় বজ্রপাতে ববিতা লোহার নামে এক মহিলার মৃত্যু হয় এবং তিনজন গুরুতর জখম হন। একই দিনে সিমলাপালের লক্ষীসাগর এলাকার পবিত্র লোহার এবং বড়জোড়া থানার দেউচা গ্রামের তপন বড়ুও বজ্রাঘাতে প্রাণ হারান।একের পর এক বজ্রপাতে মৃত্যুর ঘটনায় জেলার বাসিন্দাদের পাশাপাশি উদ্বিগ্ন জেলা প্রশাসনও। প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টি বা আকাশে ঘনঘটা দেখা দিলে খোলা জায়গা বা গাছের নীচে আশ্রয় না নিয়ে পাকা বাড়ি বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে প্রচার চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande