
আরামবাগ , ৬ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার মৃত পঞ্চায়েত সদস্য চম্পা সামন্তের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। সঙ্গে ছিলেন বিজেপির দু'নম্বর মণ্ডলের সভাপতি অনুপ সাঁতরা-সহ দলের অন্যান্য কার্যকর্তারা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান বিধায়ক এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, মঙ্গলবার আরামবাগের আরান্ডি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুর গ্রামের পঞ্চায়েত সদস্য চম্পা সামন্তের অস্বাভাবিক মৃত্যু হয়। বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং পরিবারও গভীর শোকের মধ্যে রয়েছে।
জানা গেছে, অসুস্থতাজনিত কারণে মানসিক অবসাদের জেরেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁর পরিবারে রয়েছেন স্বামী উৎপল সামন্ত এবং কলেজ ও স্কুলপড়ুয়া দুই মেয়ে। আকস্মিক এই ঘটনায় পরিবার কার্যত ভেঙে পড়েছে। এদিন বিধায়ক হেমন্ত বাগ পরিবারের সকল সদস্যের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তাঁর সঙ্গে উপস্থিত বিজেপি নেতৃত্বও পরিবারের পাশে থাকার বার্তা দেন। স্থানীয় বাসিন্দাদের একাংশও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA